রাজধানীর গুরুত্বপূর্ণ দুই স্থানে ককটেল বিস্ফোরণ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৩২ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স ও কারওয়ান বাজারের হোটেল সোনারগাঁওয়ের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটলেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হোটেল সোনারগাঁওয়ের ১ নম্বর গেটের সামনে প্রথম বিস্ফোরণটি ঘটে। এর কিছুক্ষণ পর রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর গেটের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

আরও পড়ুন: রাজধানীর প্রগতি সরণীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন

পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

অন্যদিকে, হোটেল সোনারগাঁওয়ের সামনে বিস্ফোরণের বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, খবর পাওয়ার পরপরই হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায়। কারা এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত চলছে।

আরও পড়ুন: কুর্মিটোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল

এদিকে পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা জোরদারে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।