মা হারালেন চিত্রনায়িকা পপি
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন মরিয়ম বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথমে ঢাকায় মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ নিয়ে যাওয়া হবে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
আরও পড়ুন: নিশো-চঞ্চলকে নিয়ে ভিকি জাহেদের প্রথম সিনেমা
দীর্ঘদিন ধরে কিডনির অসুস্থতা ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মরিয়ম বেগম। গত ১৪ অক্টোবর দিবাগত রাতে গুলশানের নিকেতনে নিজের বাসায় স্ট্রোক করেন তিনি। পরে রাত পৌনে ২টার দিকে তাকে মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। এ সময় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। তবে এর আগেই রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন শিবা শানু
একসময় ঢালিউডের নিয়মিত মুখ ছিলেন অভিনেত্রী পপি। একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেন তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় ও চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রেখেছেন এই অভিনেত্রী। তার মায়ের মৃত্যুর খবরে চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।





