এলপি গ্যাস ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেছেন
সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি মো. সেলিম খান।
বৈঠকে নেতারা তিনটি দাবি উত্থাপন করেন—সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।
আরও পড়ুন: আবারও বাড়ল সোনার দাম
বৈঠকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ আশ্বস্ত করেন যে চলমান অভিযানের বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে এবং চার্জ বৃদ্ধি সংক্রান্ত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও জানান, এলপিজি অপারেটররা জাহাজ সংকটের মধ্যেও বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে, ফলে আগামী সপ্তাহের মধ্যে সরবরাহের চাপ কিছুটা স্বাভাবিক হতে পারে।
এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সেলিম খান জানান, অপারেটরদের কাছ থেকে সিলিন্ডার ক্রয়ের জন্য ১ হাজার ৩০০ টাকার বেশি খরচ হচ্ছে, তাই ১২ কেজির একটি সিলিন্ডার দেড় হাজার টাকার কম দামে বিক্রি করা সম্ভব নয়। তবে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ উল্লেখ করেছেন, জানুয়ারি মাসের জন্য নির্ধারিত ১ হাজার ৩০৬ টাকার বেশি দামে পণ্য বিক্রি করার কোনো যুক্তি নেই।
আরও পড়ুন: বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
এর আগে, গত বুধবার সমিতির পক্ষ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডারের সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। তখন ঢাকা, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে বিক্রি বন্ধ ছিল। অন্য জেলায় বিক্রি অব্যাহত ছিল।





