টানা চতুর্থবার কমল সোনার দাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:১৬ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা চতুর্থ দফায় দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে ৩ হাজার ৩২৪ টাকা।

রোববার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

আরও পড়ুন: সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এর আগে শনিবার এই দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

আরও পড়ুন: সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

অন্যদিকে, সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ২ হাজার ৩৯১ টাকা।