স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৬ হাজার ৫৯১ টাকা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২০ অপরাহ্ন, ১০ জুন ২০২৬ | আপডেট: ২:২০ অপরাহ্ন, ১০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। নতুন করে প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।

বুধবার (১০ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। সংস্থাটি জানিয়েছে, সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

আরও পড়ুন: মেটলাইফের গবেষণা: জীবনের কঠিন মুহূর্তগুলোতে নিয়োগদাতাদের পাশে চায় কর্মীরা

বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা।

আরও পড়ুন: আবার কমল সোনা-রুপার দাম

অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা।

এর আগে গত ৬ জুন স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা করা হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৭২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ দফায় দাম বৃদ্ধি এবং ৩৫ দফায় দাম হ্রাস করা হয়েছে।