আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:২১ অপরাহ্ন, ০৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম (শুল্ক ও মূসকসহ) ১৮২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগের মাসে এ দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।

অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা। শতাংশের হিসাবে দাম বেড়েছে প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর কিউ-ক্যাশের কার্ড-এটিএম সেবা চালু

বুধবার (৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। এতে স্বাক্ষর করেছেন সংস্থাটির সচিব মো. নজরুল ইসলাম সরকার।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ফ্যামিলি কার্ডে ২৮.৫ লাখ মানুষ দারিদ্র্যমুক্ত হতে পারে: বিশ্বব্যাংক

এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম (শুল্ক ও মূসকমুক্ত) ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত মূল্য ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

নতুন এ মূল্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরসহ সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে প্রযোজ্য হবে।