অতীতের বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রভা

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ৩:০৭ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবনের বহুল আলোচিত অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন। দীর্ঘদিন ধরে তাকে ঘিরে থাকা ‘বিশ্বাসভঙ্গ’ ও ‘প্রতারণা’–সংক্রান্ত সমালোচনার জবাবে তিনি দাবি করেন, তিনি কারও সঙ্গে প্রতারণা বা বিশ্বাসভঙ্গ করেননি।

পডকাস্টে প্রভা বলেন, “আমাকে মানুষজন বলে যে আমি বিশ্বাস ভঙ্গ করেছি। শুধু আমার এতটুকুই বলার আছে যে, আমি বিশ্বাস ভঙ্গ করিনি। ঘটনার পেছনে তো আসলে অনেক ঘটনা থাকে।”

আরও পড়ুন: মেসিকে ঘিরে মন্তব্যের জেরে ওমর সানি–জয়ের পাল্টাপাল্টি পোস্ট

তিনি জানান, বিয়ে পর্যন্ত বিষয়টি না গড়ানোর জন্য তিনি আগে থেকেই চেষ্টা করেছিলেন। এ বিষয়ে তিনি তার পরিবার এবং যার সঙ্গে তার এনগেজমেন্ট হয়েছিল—উভয় পক্ষকেই বিষয়টি জানিয়েছিলেন। “প্রায় ১৫ থেকে ২০ দিন আমি আমার ফ্যামিলিকে এবং যার সঙ্গে আমার এনগেজমেন্ট হয়েছিল, তাকে বোঝানোর চেষ্টা করেছি যেন বিষয়টি বিয়ে পর্যন্ত না যায়।”

তিনি আরও জানান, সে সময় তার পরিবারেরও কিছু আপত্তি ছিল। প্রভা বলেন, “ওই সময়ে ব্রোকেন ফ্যামিলি থেকে আসা একটি ছেলেকে নিয়ে পরিবারের আপত্তি ছিল। যদিও এখন আমরা দেখি, ব্রোকেন ফ্যামিলি থেকে আসা অনেকেই অসাধারণ মানুষ হয়ে উঠেছে।”

আরও পড়ুন: বন্যাদুর্গত, বৃদ্ধ-শিশু ও প্রাণীদের জন্য যে বার্তা দিলেন জয়া আহসান

এনগেজমেন্টের পর সম্পর্ক ভেঙে যাওয়ার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তার ভাষায়, “এনগেজমেন্ট হয়ে যাওয়া একটি সম্পর্ক ভাঙা সহজ ছিল না। আমাদের মধ্যে প্রায় ৯ থেকে ১০ মাসের দীর্ঘ দূরত্ব ও বিচ্ছেদের সময় ছিল।”

প্রভা দাবি করেন, পরবর্তী সময়ে তার জীবনে যা কিছু ঘটেছে, তা তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে স্পষ্টভাবেই জানিয়েছিলেন।

তিনি বলেন, “আমার লয়ালিটির জায়গা থেকে আমি জানিয়েছি, কার সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল। সবকিছুই অনেক ক্লিয়ার ছিল। এমন না যে একদিন হঠাৎ করে কেউ পত্রিকা খুলে দেখেছে আমি বিয়ে করে ফেলেছি।” সমালোচনার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, যারা তাকে ভালোবাসেন তারা তার জীবনের কঠিন সময়গুলো সম্পর্কে জানেন।

প্রভার ভাষায়, “আমি জানি যারা আমাকে ভালোবাসে, তারা বোঝে আমি কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আমার শুধু এটুকুই বলার আছে—আমি প্রতারণা করিনি।” সম্প্রতি প্রকাশিত এই পডকাস্টে দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।