গুলির ঘটনার পর কেমন আছেন টাইগার শ্রফ?

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:০৪ পূর্বাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুম্বাইয়ে গুলিবর্ষণের ঘটনার কয়েক দিন পর নতুন ছবিতে দেখা গেল বলিউড অভিনেতা টাইগার শ্রফকে। মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলারের সঙ্গে তোলা ছবিতে তাঁর শরীরে কোনো ব্যান্ডেজ দেখা যায়নি। এরপরই অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে।

গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। এর পর অভিনেতার খোঁজখবর নিতে মঙ্গলবার তার সঙ্গে দেখা করেন আশিস শেলার। সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগারের সঙ্গে তোলা ছবি প্রকাশ করেন তিনি। 

আরও পড়ুন: যেমন কাটল তারকাদের দুর্গোৎসব

পোস্টে শেলার লেখেন, জুহুতে গুলিবর্ষণের ঘটনার পর টাইগার শ্রফের খোঁজ নিতে গিয়েছিলেন তিনি। সমাজে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই উল্লেখ করে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেন মন্ত্রী।

ঘটনার পর প্রকাশিত কয়েকটি ছবিতে টাইগারের বুক ও বাঁ হাতে ব্যান্ডেজ দেখা গিয়েছিল। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তার শরীরে সামান্য ছড়ে যাওয়ার মতো আঘাত ছিল। চিকিৎসকেরা তাকে পরীক্ষা করার পর ছেড়ে দেন। তবে নতুন ছবিতে ব্যান্ডেজ না থাকলেও তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

আরও পড়ুন: সিঁদুরের আড়ালে বিষাদ, মল্লিকবাড়ির দশমীতে কোয়েল

এদিকে, এ ঘটনায় তদন্ত জোরদার করেছে মুম্বাই পুলিশ। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও অভিনেতার সঙ্গে দেখা করে হামলার নিন্দা জানিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানান তিনি।

প্রতিবেদন অনুযায়ী, গুলিবর্ষণের ঘটনায় রাজস্থানের কোটা থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার পেছনে অন্য কোনো লক্ষ্য ছিল কি না, তা নিয়েও তদন্ত চলছে। সালমান খানকে লক্ষ্য করার পরিকল্পনা থেকে হামলাকারীরা পরে টাইগার শ্রফকে নিশানা করেছিল বলে পুলিশের সূত্রের বরাতে কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে। তবে তদন্তের চূড়ান্ত ফল এখনো প্রকাশিত হয়নি।