ধারাবাহিক নাটকে ফিরছেন রিচি সোলায়মান

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৪৩ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

একসময় টেলিভিশন নাটকের নিয়মিত মুখ ছিলেন অভিনেত্রী রিচি সোলায়মান। দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের উপহার দিয়েছেন নানা জনপ্রিয় কাজ। তবে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসের কারণে অভিনয়ে কিছুটা অনিয়মিত হয়ে পড়েন তিনি। কয়েক বছর ধরে দেশে অবস্থান করায় আবারও ছোট পর্দায় সরব হচ্ছেন এই অভিনেত্রী। এবার দীর্ঘ ধারাবাহিক নাটকের মাধ্যমে ফিরছেন তিনি। পাশাপাশি অপেক্ষায় রয়েছেন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তির।

নির্মাতা নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ‘এআই জুনিয়র’ নামের নতুন ধারাবাহিকে অভিনয় করছেন রিচি সোলায়মান। ইতিমধ্যে শুরু হয়েছে নাটকটির শুটিং। চলতি বছরের শুরুতে সাত পর্বের মিনি সিরিজ ‘অপূর্ণতা’য় অভিনয় করেছিলেন তিনি। তবে দীর্ঘ সময় পর ‘এআই জুনিয়র’ দিয়েই আবার দীর্ঘ ধারাবাহিকে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন: মুম্বাই, গ্রিস, প্যারিস তিনবার প্রস্তাবের পর-সাইফকে ‘হ্যাঁ’ বলেন কারিনা

নতুন ধারাবাহিক প্রসঙ্গে এখনই বিস্তারিত জানাতে চান না রিচি। চ্যানেল কর্তৃপক্ষের বিধিনিষেধের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এআই জুনিয়র ধারাবাহিকে অভিনয় করছি, এটি সত্যি। এর বেশি এখন কিছু বলা যাবে না। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণার পর বিস্তারিত বলব।’

জানা গেছে, শিগগিরই দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে ‘এআই জুনিয়র’। আগামী ২৫ অক্টোবর আয়োজিত সংবাদ সম্মেলনে ধারাবাহিকটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। আহমেদ খান হিরকের লেখা নাটকটিতে আরও অভিনয় করছেন রওনক হাসান, জিনাত শানু স্বাগতা, নরেশ ভূঁইয়া, সুজাত শিমুল ও শিশুশিল্পী রাই রাজন্যাসহ অনেকে।

আরও পড়ুন: পোল্যান্ড-মিশরের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

এদিকে, ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন রিচি সোলায়মান। চলতি বছর মুক্তির কথা রয়েছে তাঁর অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রবি ইন ঢাকা’। প্রায় তিন দশকের অভিনয়জীবনে এটিই তাঁর প্রথম সিনেমা। সমকালীন গল্পের চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাজীব সালেহীন। শুটিং শেষ হওয়ায় বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এতে রিচির সঙ্গে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।

প্রথম সিনেমা নিয়ে আগ্রহ থাকলেও আনুষ্ঠানিক ঘোষণার আগে বিস্তারিত বলতে চান না অভিনেত্রী। রিচি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দেওয়ার পর কথা বলতে চাই। এটি আমার প্রথম সিনেমা, তাই অবশ্যই আমার কাছে বিশেষ কিছু। গত বৃহস্পতিবার নির্মাতার সঙ্গে সিনেমা নিয়ে কথা হয়েছে। পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত সময় পার করছে টিম। আগামী নভেম্বরে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে, এরপর শুরু হবে প্রচার।’

দীর্ঘ বিরতির পর ধারাবাহিকে প্রত্যাবর্তন এবং প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়—দুই নতুন কাজ নিয়ে রিচি সোলায়মানের ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে নতুন অভিজ্ঞতা। এখন দর্শকদের অপেক্ষা, কবে টেলিভিশনের পর্দায় দেখা মিলবে তাঁর নতুন চরিত্রের এবং কবে বড় পর্দায় অভিষেক হবে এই অভিনেত্রীর।