নিউইয়র্কের পর এবার ফ্লোরিডার মঞ্চে গাইবেন অপূর্ব
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। এত দিন অভিনয়ের জন্য দর্শকদের কাছে পরিচিত থাকলেও গায়ক হিসেবেও ধীরে ধীরে আলাদা পরিচিতি তৈরি করছেন তিনি। গত আগস্টে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো একক কনসার্টে গান পরিবেশন করে প্রবাসী বাঙালিদের প্রশংসা পান এই অভিনেতা।
সেই অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই এবার দ্বিতীয় কনসার্টের ঘোষণা দিলেন অপূর্ব। আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে অনুষ্ঠিতব্য ‘সপ্তম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট’-এ সংগীত পরিবেশন করবেন তিনি। উৎসবের দ্বিতীয় দিন, ১৩ ডিসেম্বর মঞ্চে উঠবেন এই তারকা।
আরও পড়ুন: বরের পরিচয় আড়াল করতে পারশার অভিনব কৌশল
আয়োজকদের সূচি অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে তার পরিবেশনা। নতুন এই আয়োজন নিয়ে একটি ভিডিও বার্তায় অপূর্ব বলেন, নিউইয়র্কের পর এবার ফ্লোরিডার দর্শকদের গান শোনাতে আসছেন তিনি। গান ও গল্পের মধ্য দিয়ে সবার সঙ্গে সময় কাটানোর প্রত্যাশাও জানিয়েছেন অভিনেতা।
এর আগে নিউইয়র্কে প্রথম একক কনসার্টের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে গান পরিবেশনের আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছিলেন অপূর্ব। তার ভাষ্য অনুযায়ী, দেশটির ১২টি শহর থেকে প্রবাসী বাঙালিরা কনসার্টের প্রস্তাব দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার ফ্লোরিডার মঞ্চে গাইতে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন: সদস্যপদ স্থগিত নিয়ে মুখ খুললেন তানজিন তিশা
স্ত্রী ও সন্তানের কারণে বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন অপূর্ব। সেখানে অভিনয়ের পাশাপাশি সংগীত নিয়েও নতুনভাবে ব্যস্ততা বাড়াচ্ছেন তিনি। তবে শুধু প্রবাসেই নয়, দেশের মঞ্চেও গান পরিবেশনের পরিকল্পনা রয়েছে তার।
গত আগস্টে দেশে এসে কিছুদিন অবস্থান করার পর অক্টোবরের শুরুতে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান এই অভিনেতা। দেশ ছাড়ার আগে কয়েকটি নাটকের শুটিংও সম্পন্ন করেছেন। পাশাপাশি সিনেমায় অভিনয়ের বিষয়েও আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে নতুন কাজের খবর জানাবেন বলে জানা গেছে।





