হামে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৩৯
দেশে হাম-সংক্রান্ত রোগে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯ জনে। বুধবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে সন্দেহজনক হাম রোগে আটজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯২ জন। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানি হয়েছে ৫৪৭ জনের। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩৯ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৪ জনের। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৪৫ জন।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯২৭ জন। আর সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ৮২ হাজার ২৯ জনে।
এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬৬ হাজার ৯৯৯ জনকে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৩ হাজার ১৪৫ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে তিনজন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মারা গেছেন।
অন্যদিকে সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি ২২৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর রাজশাহীতে ৮৬ জন, সিলেটে ৬৬ জন, ময়মনসিংহে ৫০ জন, চট্টগ্রামে ৪৭ জন, বরিশালে ৩৮ জন, খুলনায় ২৩ জন এবং রংপুরে আটজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।





