তাহমিমা আনামের ‘গুড বুকস’ আসছে টিভি পর্দায়

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২২ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে জন্ম নেওয়া ব্রিটিশ লেখিকা তাহমিমা আনামের নতুন উপন্যাস ‘গুড বুকস’ এবার পর্দায় আসছে টিভি সিরিজ হিসেবে। উপন্যাসটি অবলম্বনে নির্মিতব্য সিরিজটির চিত্রনাট্য তৈরিতে লেখিকার সঙ্গে কাজ করছেন এমি-মনোনীত চিত্রনাট্যকার অ্যালিসন ব্রাউন। ‘এমিলি ইন প্যারিস’, ‘ইয়াঙ্গার’, ‘আপলোড’ ও ‘স্টাক ইন দ্য মিডল’-এর মতো জনপ্রিয় সিরিজের চিত্রনাট্য লিখে পরিচিতি পেয়েছেন তিনি।

ভ্যারাইটির এক প্রতিবেদন থেকে জানা গেছে, সিরিজটি যৌথভাবে প্রযোজনা করছে ব্রিটিশ-আমেরিকান প্রযোজনা প্রতিষ্ঠান পেসসেটার প্রোডাকশনস ও কুডোস।

আরও পড়ুন: ‘অন্যপাতা’ দিয়ে বড় পর্দায় অভিষেক, তিহা হয়ে দর্শকের ভালোবাসা পেয়েছি: প্রত্যাশা ঘোষ

প্রকাশনাজগতের নানা ঘটনা ও অন্তরালের গল্প নিয়ে লেখা হয়েছে ‘গুড বুকস’। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র নিউইয়র্কের একটি বইয়ের দোকানে কাজ করা রায়া চ্যাটার্জি এবং লন্ডনের প্রতিষ্ঠিত সাহিত্য প্রতিনিধি প্রু ম্যাকনিল। দুজনের আকস্মিক পরিচয় বদলে দেয় রায়ার জীবনের গতিপথ। নতুন পেশাগত সম্ভাবনার হাত ধরে তাকে ফিরে যেতে হয় জন্মশহর লন্ডনে। সেখানে গিয়ে পুরোনো জীবনের নানা অজানা অধ্যায় ও গোপন রহস্যের মুখোমুখি হয় সে।

চলতি বছরের আগস্টে এডিনবরা আন্তর্জাতিক বইমেলায় আনুষ্ঠানিকভাবে উপন্যাসটির ঘোষণা দেন তাহমিমা আনাম। মেলার বিভিন্ন প্যানেল আলোচনাতেও অংশ নেন তিনি। এ সময় যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা ক্যাননগেটের সঙ্গে বই প্রকাশের চুক্তি হয়। অন্যদিকে, উত্তর আমেরিকায় বইটির প্রকাশস্বত্ব কিনে নিয়েছে সংস্থাটির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান স্ক্রিবনার। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালে প্রকাশিত হবে উপন্যাসটি।

আরও পড়ুন: তিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাস্টার’

প্রকাশনা চুক্তির সময় বইটিকে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ ও ‘ইয়েলোফেস’-এর অনন্য সংমিশ্রণ হিসেবে বর্ণনা করেন প্রকাশকেরা। তাঁদের মতে, প্রকাশনাশিল্পের ভেতরের নানা দিক, বই তৈরির নেপথ্যের মানুষ, ইম্পোস্টার সিনড্রোম এবং মা-মেয়ের সম্পর্কের জটিলতা উঠে এসেছে গল্পে। মূলত মা, মেয়ে এবং তাঁদের পাশে থাকা মানুষদের ঘিরেই আবর্তিত হয়েছে উপন্যাসটি।

উল্লেখ্য, ‘আ গোল্ডেন এজ’ ও ‘দ্য গুড মুসলিম’-এর মতো প্রশংসিত উপন্যাসের লেখক তাহমিমা আনাম। তাঁর রচিত বেঙ্গল ট্রিলজি সাহিত্যজগতে বিশেষ পরিচিতি পেয়েছে। প্রথম উপন্যাসের জন্য অর্জন করেন কমনওয়েলথ রাইটার্স প্রাইজ। পরবর্তী সময়ে পান সম্মানজনক ও. হেনরি অ্যাওয়ার্ড। তাঁর আরেক উপন্যাস ‘আপরাইজিং’ অরওয়েল প্রাইজ ফর পলিটিক্যাল ফিকশনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানে পড়াশোনা করা ঢাকায় জন্ম নেওয়া এই লেখিকা বর্তমানে রয়্যাল সোসাইটি অব লিটারেচারের ফেলো।