ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ৮:৩৫ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এবং ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ও জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ইউনিভার্সেল মেডিকেল কলেজের লেকচার গ্যালারি-১-এ আয়োজিত এ সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের ম্যাক্স হেলথকেয়ারের সিনিয়র ডিরেক্টর (হেমাটো-অনকোলজি অ্যান্ড বোন ম্যারো ট্রান্সপ্লান্ট) ডা. সত্যরঞ্জন দাস এবং সিনিয়র ডিরেক্টর (নেফ্রোলজি অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট) ডা. অনিল প্রসাদ ভাট। তারা বোন ম্যারো প্রতিস্থাপন, জটিল রক্তরোগ এবং আধুনিক কিডনি প্রতিস্থাপনের আন্তর্জাতিক অভিজ্ঞতা, চিকিৎসা পদ্ধতি ও বৈজ্ঞানিক বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ভবিষ্যতে হাসপাতালটিতে লিভার ট্রান্সপ্লান্ট, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, বোন-জয়েন্টস এবং কিডনি ট্রান্সপ্লান্ট সেবা চালুর লক্ষ্যে কাজ চলছে। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের ধন্যবাদ জানান এবং দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে আন্তর্জাতিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সেমিনারের সমাপনী বক্তব্য (ভোট অব থ্যাঙ্কস) দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল।

নেফ্রোলজি ও কিডনি বিশেষজ্ঞ প্যানেলে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শহিদুল ইসলাম (ইউরোলজিস্ট), অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন (নেফ্রোলজিস্ট) এবং সহযোগী অধ্যাপক ডা. তোফায়েল আহাম্মদ (নেফ্রোলজিস্ট)।

এছাড়া হেমাটোলজি প্যানেলে অংশ নেন হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট লেফটেন্যান্ট কর্নেল ডা. রুকসানা খানম (হেমাটোলজিস্ট), ডা. ফারহানা ইসলাম নীলা (ট্রান্সফিউশনিস্ট) এবং ডা. মো. আখলাক-উল-ইসলাম (হেমাটোলজিস্ট)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক, ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম, এইমস হেলথকেয়ার লিমিটেডের সিইও মো. মুশফিকুর রহমান এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজের বিভিন্ন ক্লিনিক্যাল বিভাগের বিভাগীয় প্রধানরা।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা (মডারেশন) করেন ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনিকা মাহবুব এবং সমন্বয় করেন ডা. আয়েশা সিদ্দীকা।

সেমিনারে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন গুরুতর রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নত চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে রোগীদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনাও বাড়ছে।

সেমিনার শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।