‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা দিল ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:৩৯ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ব বাবা দিবস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন ‘বাবার যত্নে’-এর নির্বাচিত পাঁচ বিজয়ী সন্তান ও তাঁদের বাবাদের সংবর্ধনা দিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

‘সুস্থ বাবা, নিরাপদ পরিবার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ক্যাম্পেইনে বাবাকে নিয়ে গল্প লিখে ভালোবাসা, স্মৃতি ও অনুভূতি প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। জমা পড়া অসংখ্য গল্পের মধ্য থেকে পাঁচজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০২

সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মিটিং রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়।

নির্বাচিত বিজয়ীরা হলেন—সুমাইয়া জাহান (বাবা: আহম্মেদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া), লাকী আক্তার সীমা (বাবা: মোনতাজ উদ্দিন আকন্দ, গাজীপুর), তাইয়্যেবা তাসবিন লামিয়া (বাবা: এস এম আতাউর রহমান, নারায়ণগঞ্জ), ফারিহা রিদিলা (বাবা: ফারুকুল ইসলাম, ময়মনসিংহ) এবং কাজী মিলহা (বাবা: কাজী মিজানুর রহমান, ঢাকা)।

আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫৯

অনুষ্ঠানে বিজয়ী সন্তান ও তাঁদের বাবাদের হাতে বিশেষ উপহার সামগ্রী এবং একটি করে পূর্ণাঙ্গ ফ্রি হেলথ চেকআপ প্যাকেজ তুলে দেওয়া হয়। পাশাপাশি বাবাদের জন্য বিশেষ হেলথ কার্ড দেওয়া হয়। এর মাধ্যমে তাঁরা ও তাঁদের পরিবার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকারভিত্তিক বিশেষ সুবিধা পাবেন।

অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন অনুকাব্য লেখক, প্রথম আলো বন্ধুসভার জাতীয় পর্ষদের সাবেক সভাপতি এবং দৈনিক আগামীর সময় পত্রিকার ডিরেক্টর—ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন)।

অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও আয়োজনের প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, হেড অব কর্পোরেট নীতা চক্রবর্ত্তী, হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা, চিকিৎসক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবারের বটবৃক্ষ বাবার সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রতিটি সন্তানের নৈতিক দায়িত্ব। বাবাদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তাঁদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

ভবিষ্যতেও বাবা ও প্রবীণদের সুস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে বিশ্ব মা দিবসে ‘গরবিনী মা’ সম্মাননা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ১০ জন মেধাবী নবীন চিকিৎসককে ‘টপ টেন জিনিয়াস ইন্টার্ন ডক্টরস’ সম্মাননা এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ‘আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি’ প্রদানসহ বিভিন্ন বিশেষ দিবসে বিনামূল্যে বিশেষায়িত মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি. এফ. জামান।