বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক আজ, তারেক-তাকাইচির আলোচনায় যেসব বিষয়
বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) শীর্ষ বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেইয়ে’ স্থানীয় সময় বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিতব্য বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের অবস্থান নিয়ে আলোচনা হবে।
আরও পড়ুন: বিগ-বি উদ্যোগ এগিয়ে নিতে একমত তারেক রহমান ও সানায়ে তাকাইচি
তিনি জানান, জাপানের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। এরপর দুই নেতার নেতৃত্বে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাবে। এ ছাড়া বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা এবং আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের অবস্থান নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব।
আরও পড়ুন: দ্রুতগতির রেল, উড়াল সড়ক ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি দলে রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এ ছাড়া প্রতিনিধি দলে রয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী), বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রতিনিধি দলে আরও রয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এবং আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে সোমবার (২৬ অক্টোবর) সকালে চার দিনের সফরে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি বিদেশে তাঁর তৃতীয় রাষ্ট্রীয় সফর বলে উল্লেখ করা হয়েছে। জাপান সফরের আগে তিনি রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যান। এ ছাড়া জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত সেপ্টেম্বরে নিউইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী।
দুই দেশের শীর্ষ নেতৃত্বের এ বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন অগ্রগতির সম্ভাবনার দিকে নজর থাকবে।





