ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৪২ পূর্বাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারির পর এবার রাজধানী ইসলামাবাদে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে রাজধানীজুড়ে ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও স্থাপনাগুলোতে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ১৪৪ ধারা অমান্যকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সব পুলিশ সুপার (এসপি), ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (এসএইচও) মাঠপর্যায়ে সক্রিয় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

শহরের কোথাও ব্যানার প্রদর্শন বা জনসমাগমের ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে প্রশাসন। একই সঙ্গে ইসলামাবাদের বিভিন্ন প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ‘রেড জোনে’ অনুমতি ছাড়া প্রবেশ সীমিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় পাকিস্তান রেঞ্জার্সের সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির পর ইসলামাবাদে এই কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হলো। তবে রাজধানীতে রেড অ্যালার্ট জারির সুনির্দিষ্ট কারণ সম্পর্কে জিও নিউজের প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

সূত্র: জিও নিউজ