পরিপূর্ণভাবে হিজাব না পরায় আফগান কিশোরীকে বেত্রাঘাত

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ন, ১০ জানুয়ারী ২০২৪ | আপডেট: ১০:১১ পূর্বাহ্ন, ১০ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে অশোভন ও পরিপূর্ণভাবে হিজাব না পরার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরীসহ বেশ কয়েকজন নারীকে আটক করে তালেবানের সদস্যরা।

শপিং সেন্টার, ক্লাস এবং ফুটপাতের দোকান থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়— তারা অন্যদের অশোভন হিজাব পরিধানে উৎসাহিত করছে এবং মুখে মেকাপ দিচ্ছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিরাপদে উদ্ধার

একজন ১৬ বছর বয়সী কিশোরীও ছিল সেই তালিকায়। তাকে এবং তার সহপাঠীদের একটি ইংরেজি ভাষার কোচিং থেকে আটক করা হয়। এই কিশোরী জানিয়েছে, ক্লাসের যে ছাত্রীরা তালেবান সদস্যদের তর্ক করেছিল এবং তাদের সঙ্গে যেতে চায়নি— তাদের মারধর করা হয়েছে। অপরদিকে তার পায়ে বেত্রাঘাত করা হয়েছে। এমনকি পরবর্তীতে ‘নীতি-নৈতিকতাহীন মেয়েকে বড় করার’ অভিযোগে তার বাবাকে প্রচণ্ড মারধর করা হয়েছে।

কিশোরী বলেছেন, ‘আমার পোশাক ছিল শালীন; এমনকি আমি একটি ফেস মাস্কও পরে ছিলাম। তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আমি মুখে মাস্ক পরে থাকি। কিন্তু তবুও তারা আমাকে মারধর করেছে। তারা দাবি করছিল আমার পোশাক অশালীন ছিল।’

আরও পড়ুন: ট্রাম্পের গাজা-সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করলেন ফিলিস্তিনি নেতারা

এই কিশোরী জানিয়েছেন, তাকে দুইদিন আটকে রাখা হয়েছিল এবং ইংরেজি শিক্ষা গ্রহণ করায় তালেবান সদস্যরা তাকে ‘কাফের’ হিসেবে অভিহিত করেছে।

তিনি বলেছেন, ‘২০২১ সালে যখন তালেবান ক্ষমতা দখল করে তখন আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এখন আমি কোচিংয়েও যেতে পারব না। এখন আমি বাড়িতে থাকা আর বিয়ে করা ছাড়া ভবিষ্যতের জন্য আর কিছু চিন্তা করতে পারব না।’

সূত্র: দ্য গার্ডিয়ান