বাংলাদেশিসহ ৫৬০ অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৯:৫৮ পূর্বাহ্ন, ২০ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈধ কাগজপত্র ব্যতীত বসবাস করার অপরাধে বাংলাদেশিসহ ৫৬০ জনকে আটক করেছে মালয়েশিয়া অভিবাসন বিভাগ। দেশটির সেলাঙ্গরে বান্দার তাসিক কেসুয়াম বৈদুরি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাস করার অপরাধে তাদেরকে আটক করা হয়।

শুক্রবার (১৯ জানুয়ারি) এই অভিযানে অংশগ্রহণ করেন ৪৫৫ জন ইমিগ্রেশন অফিসার, ৬০ জন জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) কর্মী, ১২ জন জাতীয় নিবন্ধন বিভাগের কর্মকর্তা এবং সিভিল ডিফেন্স ফোর্সের পাঁচজন কর্মী।

আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেন, আটকরা বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, কম্বোডিয়া, সিয়েরা লিওন এবং ক্যামেরুন থেকে তিন মাস থেকে ৫৫ বছর বয়সী।

এই অ্যাপার্টমেন্টে যারা বসাবাস করেন তাদের মধ্যে প্রায় ৮০ শতাংশ বিদেশি বাসিন্দা। ঘনবসতি হওয়ায় অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে আশপাশের এলাকার স্থানীয় বাসিন্দাদের কষ্ট হচ্ছিল বলে অভিযোগ ছিল৷ এখানে বসবাসরত বিদেশিদের মধ্যে অনেকে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ আছে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেন, অভিবাসন আইনের অধীনে অন্যান্য অপরাধসহ বিভিন্ন অপরাধের জন্য বিদেশিদের আটক করা হয়েছে। আটকদের আরও তদন্তের জন্য বুকিত জলিলের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

অভিযানের সময় ইমিগ্রেশনের উপমহাপরিচালক (অপারেশন) জাফরি ​​এমবোক তাহা, ইমিগ্রেশনের উপমহাপরিচালক (নিয়ন্ত্রণ) দাতুক কেন আনাক লেবেন, ইমিগ্রেশন এনফোর্সমেন্টের পরিচালক মোহাম্মদ জাসমি মোহাম্মদ জুওয়াহির, সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামর উদ্দিন এবং ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কুমার উদ্দিন, ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ উপস্থিত ছিলেন।