মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায়

শিশুদের মৃত্যুতে শোক, মাহরিনের আত্মত্যাগের প্রশংসা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৫ | আপডেট: ১১:২২ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার (২৩ জুলাই) ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় তিনি লেখেন, “ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের জনগণের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। অনেক প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই শিশু। আরও শতাধিক আহত হয়েছেন।”

শোকবার্তায় আনোয়ার ইব্রাহিম নিহত শিক্ষিকা মেহেরিন চৌধুরীর আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, নিহতদের মধ্যে ছিলেন শিক্ষক মেহেরিন চৌধুরী, যিনি সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং পরবর্তীতে আরও শিশুদের বাঁচাতে ধোঁয়া ও আগুনের মধ্যেও ফিরে যান। তার অসামান্য সাহস ও আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

বাংলাদেশের জনগণের প্রতি সংহতি জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, তিনি নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে সমবেদনা জানাবেন।

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে আনোয়ার ইব্রাহিম বলেন, এ দুঃখের মুহূর্তে আমরা আপনার পাশে আছি। নিহত প্রতিটি প্রাণ, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি শোক প্রকাশ করছি।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এতে ৩১ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন এবং আহত হন শতাধিক মানুষ।