ইসরায়েলের দুইটি স্থাপনায় ইয়েমেনের হামলা
ইসরায়েলের রামন আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল-নাকাব মরুভূমির একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী (ওয়াইএএফ)। এ হামলাকে তারা গাজায় গণহত্যা এবং ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ বলে দাবি করেছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি এক বিবৃতিতে জানান, চারটি আত্মঘাতী ড্রোন ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর মধ্যে তিনটি রামন বিমানবন্দরে এবং একটি আল-নাকাব মরুভূমির সামরিক স্থাপনায় আঘাত করে।
আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র
সারি বলেন, এই উচ্চপর্যায়ের অভিযান নির্ধারিত লক্ষ্য পূরণ করেছে। তিনি আরও ব্যাখ্যা করেন, এই পদক্ষেপ নেওয়া হয়েছে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যা ও ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিক্রিয়ায়।
তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ইয়েমেনের ফিলিস্তিন সংহতি অটল রয়েছে এবং ইসরায়েলি হামলা ইয়েমেনিদের প্রতিরোধের শক্তি দুর্বল করতে পারবে না।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও জটিল আকার ধারণ করায় এই হামলাকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে।





