স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় শীর্ষ অবস্থানে রয়েছে। স্কোপাসের প্রতিষ্ঠানভিত্তিক অনুসন্ধানের ২০২৬ সালের অক্টোবরের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির মোট গবেষণা প্রকাশনার সংখ্যা ১৮ হাজার ২৫৫টি। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), যার প্রকাশনার সংখ্যা ১৩ হাজার ৮০৭টি।
প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৪৯টি বিশ্ববিদ্যালয়ের মোট স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৮০৮টি। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংখ্যা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় সর্বোচ্চ।
আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, গবেষণা ও জ্ঞানচর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও অবদান রয়েছে। স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থান শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের নিরলস গবেষণার প্রতিফলন।
উপাচার্য বলেন, গবেষণার গুণগত মান উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং উদ্ভাবনী জ্ঞানচর্চার পরিসর সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় কাজ করছে। এ লক্ষ্যে গবেষকদের সুযোগ-সুবিধা বাড়ানো, গবেষণাবান্ধব পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার দৃশ্যমানতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: জবি সাংবাদিক সমিতির সভাপতি শাহাদাত ও সম্পাদক রাকিব
এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান উপাচার্য।





