উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘মোন্থা’
প্রবল বেগে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’। ঝড়ের প্রভাবে উপকূলজুড়ে বইছে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগের দমকা বাতাস, যা সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল শুরু হয়। স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও ভারতের আবহাওয়া দপ্তরের তথ্যমতে, মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মাঝামাঝি কাকিনাড়ার উপকূলে ঝড়ের মূল আঘাত হানছে। পরবর্তী তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত এই ল্যান্ডফল প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
আলিপুর আবহাওয়া দফতর জানায়, গত ছয় ঘণ্টায় বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঘূর্ণিঝড় মোন্থা প্রায় ১৫ কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে ঝড়টি অন্ধ্র উপকূলে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে।
যদিও পশ্চিমবঙ্গে বড় আকারের আঘাত হানার সম্ভাবনা নেই, তবুও উচ্চ সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। ইতোমধ্যে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: ইসরায়েলের নির্বাচনে চূড়ান্ত ফল প্রকাশ
আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি (৭-১১ সেন্টিমিটার) হতে পারে। বৃহস্পতিবার থেকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।





