কানাডায় বন্দুক হামলা: ১০ নিহত, ২৫ আহত
কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুল ও আবাসনে অতর্কিত বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে, এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারীও আছে। এ ছাড়া বন্দুক হামলায় আহত হয়েছে অনেকে। খবর বিবিসি ও আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে এই হামলার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: ইরানের জ্বালানি স্থাপনায় বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
কানাডার আইনশৃঙ্খলা বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ওই হাইস্কুলটির নাম টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল।
পুলিশের বরাত দিয়ে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি জানিয়েছে, হাইস্কুলে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা গেছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিরাপদে উদ্ধার
এ ছাড়া এক বাড়িতে আরও দুইজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের ধারণা, এই ঘটনার সঙ্গেও বন্দুক হামলার সম্পর্ক রয়েছে। হামলাকারী নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
আরসিএমপি এক বিবৃতিতে বলা হয়েছে, গুরুতর আহত দুইজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া আনুমানিক ২৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অবশিষ্ট সব শিক্ষার্থী ও স্টাফকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে।





