আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৫০ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাক-আফগান সীমান্তের ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তানি সেনাচৌকিতে হামলার পর আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। ‘অপারেশন গজব-লিল হক’ নামের অভিযানের মাধ্যমে পাল্টা হামলা শুরুর কথা জানিয়েছে দেশটির সরকার।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেন, ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে এবং এখন সামরিক জবাবই একমাত্র পথ। তার এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলা শুরু হয়েছে বলে দাবি করা হয়।

আরও পড়ুন: নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

শুক্রবার ভোরে এক্সে দেওয়া পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ–এর বিদেশি সংবাদমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান, রাত ৩টা ৪৫ মিনিট থেকে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) ও স্থলবাহিনী যৌথভাবে অভিযান শুরু করেছে। অভিযানে রাজধানী কাবুল ছাড়াও পাকতিয়া ও কান্দাহার প্রদেশের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়।

পাকিস্তানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কাবুল, পাকতিয়া ও কান্দাহারে বেশ কয়েকটি সেনাচৌকি ধ্বংস এবং কিছু চৌকি দখল করা হয়েছে। বিমান হামলায় আফগান বাহিনীর বিভিন্ন সদর দপ্তর, গোলাবারুদের ডিপো, লজিস্টিক ঘাঁটি, ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুন: আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানাল ভারত

এর আগে ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, অভিযানে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)–এর ঘাঁটিকে লক্ষ্য করা হয়েছিল।

তবে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার পাল্টা অভিযোগ করে জানায়, হামলা চালানো হয়েছে বেসামরিক এলাকায়। তারা প্রতিশোধের হুঁশিয়ারিও দেয়।

সাম্প্রতিক ঘটনায় বৃহস্পতিবার রাতে ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানি চৌকিগুলোতে অতর্কিত হামলায় কয়েকজন সেনা নিহত ও কয়েকজনকে অপহরণ করা হয়েছে বলে জানা যায়। তালেবানের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ দাবি করেন, উন্নত অস্ত্র ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে।

সীমান্তে উত্তেজনার জেরে শুরু হওয়া ‘অপারেশন গজব-লিল হক’ ঘিরে দক্ষিণ এশিয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।