আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন, বললেন ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:২৬ পূর্বাহ্ন, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ২:৩৭ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে ট্রাম্প লেখেন, ইতিহাসের অন্যতম নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত হয়েছেন। তিনি দাবি করেন, এই ঘটনা শুধু ইরানের জনগণের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্যও এক ধরনের ন্যায়বিচার। তার ভাষ্য অনুযায়ী, উন্নত গোয়েন্দা তৎপরতা ও নজরদারি ব্যবস্থার মাধ্যমে অভিযানটি পরিচালিত হয়েছে এবং এতে ইসরায়েলও অংশ নিয়েছে।

আরও পড়ুন: ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৮ জন নিহত, কয়েক ডজন আহত

তিনি আরও উল্লেখ করেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড, সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য নাকি যুদ্ধ চালিয়ে যেতে অনিচ্ছুক এবং নিরাপত্তা বা ক্ষমা চাইছে। ট্রাম্প বলেন, পরিস্থিতি বদলানোর জন্য এটিই উপযুক্ত সময় এবং দ্রুত সিদ্ধান্ত না নিলে কঠোর পরিণতি হতে পারে।

এদিকে শনিবার খামেনির প্রাসাদ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার দাবি সামনে আসে। ওই হামলায় প্রাসাদটি পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। তবে খামেনির মৃত্যুর বিষয়ে ইরানের সরকারি সূত্র থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

আরও পড়ুন: মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক ঘোষণার আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন।