নিষেধাজ্ঞার পরও যেভাবে পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয়রা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৩৬ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতে পাকিস্তানি নাটক ও গান প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের মধ্যে পাকিস্তানি বিনোদন কনটেন্টের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বিভিন্ন বিধিনিষেধ এড়িয়ে ভিপিএন ব্যবহার করে অনলাইনে পাকিস্তানি নাটক উপভোগ করছেন ভারতীয় দর্শকদের একটি অংশ।

বিশেষ করে পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরে ভারতে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। নাটকটির বিভিন্ন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন দর্শকরা। এমনকি অনেকে বন্ধু ও পরিচিতদের নিয়ে ব্যক্তিগতভাবে নাটকটির প্রদর্শনীরও আয়োজন করছেন।

আরও পড়ুন: ছয় মাসের মধ্যে ভেঙে যাচ্ছে বাংলা ফাইভ ব্যান্ড

আল জাজিরা বলছে, নয়াদিল্লির সাংস্কৃতিক আয়োজক আবু সুফিয়ান খান সম্প্রতি নাটকটির একটি ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করেন। ৪৫ জনের জন্য ব্যবস্থা থাকলেও এতে অংশ নিতে আগ্রহ দেখান ৭০০ জনের বেশি মানুষ। নাটকটির আবু বকর চরিত্রটি দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। ভক্তদের মুখে মুখে ফিরছে, ‘ধৈর্যের পুরস্কার নয়, আবু বকর চাই।’

তবে নিষেধাজ্ঞার কারণে নাটকটির প্রদর্শনী আয়োজন করতে নানা বাধার মুখে পড়তে হচ্ছে। বেঙ্গালুরুতে পোস্টার দেখে কর্তৃপক্ষ আপত্তি জানানোর পর অন্তত দুটি প্রদর্শনী বাতিল করা হয়েছে। ২০২৫ সালের মে মাসে পাকিস্তানি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার সীমিত করার পর ভিপিএন ব্যবহারের প্রবণতাও বেড়েছে। এক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ওই বছরের ৮ মে ভারতে ভিপিএন অনুসন্ধান বেড়েছিল ৭২ শতাংশ।

আরও পড়ুন: প্রিয়াঙ্কা থেকে আলিয়া, বলিউডে কার পারিশ্রমিক কত?

পাকিস্তানি টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালের প্রধান জেরজিস সেজা জানিয়েছেন, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশ ভারতীয়। তার মতে, কনটেন্ট দেখা কঠিন করা যায়, কিন্তু পুরোপুরি বন্ধ করা যায় না। এর আগে তেরে বিন ও কাভি ম্যায়, কাভি তুম নাটকও ভারতে জনপ্রিয়তা পেয়েছিল।

ভারত-পাকিস্তানের সংস্কৃতির মিল, বাস্তবধর্মী গল্প এবং নাটকে মুসলিম চরিত্রের উপস্থাপন ভারতীয় দর্শকদের আকৃষ্ট করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়ার মতে, প্রযুক্তির কারণে নিষেধাজ্ঞা কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। তার ভাষায়, দুই দেশের মানুষের মধ্যে সংযোগ তৈরিতে সংস্কৃতি বড় ভূমিকা রাখে।