যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার প্রেক্ষাপটে ইরানকে সমর্থন জানাল চীন
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার বিরুদ্ধে আত্মরক্ষার প্রশ্নে ইরানকে সমর্থন জানিয়েছে চীন। সোমবার (২ মার্চ) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ইরানি সমকক্ষ আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপে এ অবস্থান ব্যক্ত করেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, ওয়াং ই ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় বেইজিংয়ের সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি ইরানের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষার বিষয়েও চীনের অবস্থান স্পষ্ট করেন।
আরও পড়ুন: ইরানের সঙ্গে ‘বড় সমঝোতা’, চলতি সপ্তাহেই শান্তিচুক্তি হতে পারে: ট্রাম্প
শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর সংঘাত তীব্র আকার ধারণ করে। ইরানের পক্ষ থেকে পাল্টা হামলায় ইসরায়েল, কয়েকটি উপসাগরীয় দেশ এবং সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয় বলে জানা গেছে।
ওয়াং ই বলেন, চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে উত্তেজনা বৃদ্ধি এড়ানোর আহ্বান জানিয়েছে। তিনি সতর্ক করেন, সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
আরও পড়ুন: ইরানের খার্গ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের, আজ রাতেই কঠোর হামলা
একই দিনে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে পৃথক ফোনালাপে ওয়াং ই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সংঘাত উসকে দেওয়ার অভিযোগ তোলেন এবং বলেন, এ ধরনের পদক্ষেপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালার পরিপন্থী।
এছাড়া ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোর সঙ্গে আলোচনায় তিনি বিশ্বকে ‘জঙ্গলের আইনে প্রত্যাবর্তনের’ ঝুঁকির বিষয়ে সতর্ক করেন। ওয়াং ই বলেন, সামরিক শ্রেষ্ঠত্বের ভিত্তিতে অন্য দেশের ওপর একতরফা হামলা গ্রহণযোগ্য নয় এবং ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান রাজনৈতিক ও কূটনৈতিক পথেই খুঁজে বের করতে হবে।





