ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ১১:১৩ পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরান নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনি-র নাম ঘোষণা করেছে। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি-র দ্বিতীয় সন্তান।

বাংলাদেশ সময় সোমবার রাত সোয়া ৩টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন: টানা ১০ দিন ধরে ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিশ্ব থেকে বিচ্ছিন্ন প্রায় ৯ কোটি মানুষ

ইরানের সংবিধান অনুযায়ী, ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টস সুপ্রিম লিডার নির্বাচন করে। সর্বশেষ ভোটাভুটিতে তারা মোজতবা খামেনিকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছেন।

অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন নেতার প্রতি জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ আলোচনায়

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর যৌথ হামলায় স্ত্রী ও মেয়েসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান।

আল জাজিরা জানিয়েছে, মোজতবা খামেনি কখনো কোনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশও নেননি। তবে তার বাবা সুপ্রিম লিডার থাকার সময় ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার প্রভাব ছিল বলে ধারণা করা হয়। বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল।

আয়াতুল্লাহ আলি খামেনি বয়সের কারণে দুর্বল হয়ে পড়ার পর থেকেই অনেক বিশ্লেষক তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখছিলেন। তবে ৫৬ বছর বয়সী মোজতবা নিজে কখনো প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করেননি।

এদিকে ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগে মন্তব্য করেছিলেন, মোজতবা খামেনি সুপ্রিম লিডার হলে তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি দাবি করেছিলেন, ইরানের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করা উচিত।

তবে ট্রাম্পের সেই বক্তব্যকে গুরুত্ব না দিয়েই আয়াতুল্লাহ আলি খামেনির ছেলেকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস।

উল্লেখ্য, ইরানের ইসলামিক বিপ্লব-এর পর দেশটির প্রথম সুপ্রিম লিডার হন আয়াতুল্লাহ রুহোল্লাহ খোমেনি। তার মৃত্যুর পর দায়িত্ব নেন আয়াতুল্লাহ আলি খামেনি। এবার তার মৃত্যুর পর তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নিলেন মোজতবা খামেনি।