ইবিতে স্বতন্ত্র 'ধর্মতত্ত্ব' অনুষদের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে প্রাথমিকভাবে সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব অনুষদ) ভর্তি পরীক্ষা ২৯ মার্চ এবং গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সমন্বয় রেখে সম্ভাব্য কয়েকটি তারিখ বিবেচনায় রাখা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় আলোচনা পরবর্তী প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আরও পড়ুন: ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার পাঠ্যবই
সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমানসহ ভর্তি সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।
সভা সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ব্যবস্থাপনা, পরীক্ষা গ্রহণের প্রস্তুতি এবং ভর্তি কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে গুচ্ছ নিয়ন্ত্রক কেন্দ্র থেকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার বিষয়ে একমত পোষণ করা হয়। এদিকে গুচ্ছের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ থেকে ২৭ মার্চের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ১৯ মার্চ, ২০ মার্চ ও ২৭ মার্চ প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হয়েছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ মার্চ অনুষ্ঠিত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ২৯ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
ভর্তি কমিটি জানিয়েছে, গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত ও সময়সূচির ওপর ভিত্তি করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত তারিখে পরিবর্তন আসতে পারে। গুচ্ছের কেন্দ্রীয় সিদ্ধান্ত পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও বিস্তারিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে





