ইরানি হামলার ভয়াবহতা স্বীকার, কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত নেতানিয়াহুর
ইসরাইলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার দেশটির ছোট শহর আরাদে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যা প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরাইলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
ইসরাইলের জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, হামলার পর অন্তত ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র
এদিকে, দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি অবস্থিত দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনাতেও হামলার খবর পাওয়া গেছে। সেখানে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেন। তিনি ঘটনাটিকে শহরটির জন্য “অত্যন্ত কঠিন এক সন্ধ্যা” হিসেবে উল্লেখ করেন।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু বলেন, জরুরি পরিস্থিতিতে মাঠপর্যায়ে কাজ করা উদ্ধারকারী বাহিনীর সক্ষমতা আরও জোরদার করা হবে। একই সঙ্গে তিনি দেশবাসীকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
নেতানিয়াহু আরও বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সব ফ্রন্টে শত্রুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হবে।





