যুদ্ধবিরতির পরও ইরানে ইসরায়েলের নতুন হামলা, বাড়ছে উত্তেজনা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:১০ পূর্বাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডেডলাইনের শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে দুই সপ্তাহের বিরতি ঘোষণা করলেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। যুদ্ধবিরতিতে ইরান সম্মতি দেওয়ার পরও নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২-এর বরাতে জানা গেছে, বুধবার ভোরে ইরানের ভেতরে নতুন করে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধবিরতির পর ‘পূর্ণ বিজয়’ দাবি ট্রাম্পের

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির ঘোষণার পরও ইরানের পক্ষ থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত থাকায় এই হামলা চালানো হয়েছে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনাগুলোকে লক্ষ্য করেই অভিযান পরিচালিত হয়।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র সাময়িকভাবে দুই সপ্তাহের জন্য ইরানে হামলা বন্ধ রাখবে। একইসঙ্গে ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনাকে আলোচনার জন্য গ্রহণযোগ্য ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: যুদ্ধবিরতি ঘোষণায় তেহরানে উদযাপন ও উল্লাস

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদ-এ শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে, যা দুই সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

তবে যুদ্ধবিরতির আগেই ইসরায়েলের নতুন হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।