যুদ্ধবিরতির মধ্যেই হরমুজে টোল বসাল ইরান, বিটকয়েন-ইউয়ানে পরিশোধের নির্দেশ
টানা ৩৮ দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নতুন শর্ত আরোপ করেছে ইরান। তেহরান ঘোষণা দিয়েছে, এই সময়ের মধ্যে প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোকে নির্ধারিত টোল পরিশোধ করতে হবে, যা শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা ইউয়ানে গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) জাহাজগুলোকে আগাম টোল পরিশোধের নির্দেশ দিয়েছে এবং প্রণালিতে প্রবেশের আগে অনুমোদন নিতে হবে। এ জন্য ইমেইলের মাধ্যমে জাহাজের বিস্তারিত তথ্য জমা দিতে হবে।
আরও পড়ুন: পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক
মার্কিন আরেক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে ইরানের এক বাণিজ্য প্রতিনিধি জানিয়েছেন, প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার করে টোল নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে বড় তেলবাহী সুপার ট্যাংকারগুলোর জন্য এই টোল কয়েক মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে যেসব জাহাজে পণ্য থাকবে না, তাদের জন্য কোনো ফি প্রযোজ্য হবে না।
ইরান আরও জানিয়েছে, জাহাজগুলোকে নির্দিষ্ট রুট—কাশেম ও লারেক দ্বীপপুঞ্জের মধ্যবর্তী এলাকা দিয়ে চলাচল করতে হবে। পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজ সহজে চলাচলের সুযোগ পেলেও ‘শত্রুভাবাপন্ন’ দেশের জাহাজের ক্ষেত্রে বিলম্ব বা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
আরও পড়ুন: দুই বছরের মধ্যে স্বর্ণের দামে নতুন রেকর্ডের পূর্বাভাস
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নিষেধাজ্ঞার কারণে ডলারে লেনদেন এড়িয়ে ক্রিপ্টোকারেন্সি ও ইউয়ান বেছে নিয়েছে ইরান। এতে পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীলতা কমবে এবং লেনদেন গোপন রাখা সহজ হবে।
ইরানের আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইউয়ানে ইতোমধ্যে টোল আদায় শুরু হয়েছে। তবে এই পদক্ষেপ উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তার আশঙ্কা তৈরি হয়েছে।
Meta Title:
Meta Description:
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালিতে টোল আরোপ করেছে ইরান। জাহাজগুলোকে বিটকয়েন বা ইউয়ানে অর্থ পরিশোধের নির্দেশ।
Meta Keywords:





