নরসিংদীতে দিনমজুর হত্যার ঘটনায় ৩ জনের নামে মামলা

Shahrier Islam Pallab
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৫৪ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে নিহত দিনমজুর আলম মিয়া (৩৫) হত্যা মামলায় ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৭/১৮ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন নিহতের বড়ভাই। বুধবার (২৫ নভেম্বর) সকালে শিবপুর মডেল থানায় উপস্থিত হয়ে নিহতের বড়ভাই আব্দুল মান্নান (৫৫) এ অভিযোগ দায়ের করেন। 

বাদীর লিখিত অভিযোগে আসামীরা হলেন, শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে অনিক (২৫), তার বড় দুইভাই কামাল (৪৫) ও আশরাফুল (৪০) সহ অজ্ঞাত আরোও ১৭/১৮ জন।

আরও পড়ুন: গাজীপুরে সহিংসতা আহত-১০,৫ কারখানায় হামলা-ভাঙচুর, বন্ধ ৮৫ কারখানা

লিখিত অভিযোগে জানা যায়, গত ২৩ নভেম্বর রাত ১১টার দিকে নিহত দিনমজুর আলম শিবপুর উপজেলার কুন্দারপাড়া বাসস্ট্যান্ড হতে বাড়িতে আসার পথে শ্রীফুলিয়া নামক স্থানে আসলে অনিক দা দিয়ে হত্যার উদ্দেশ্যে তাড়া করলে দৌড়ে সে বাড়িতে চলে আসে। ঘটনার পরের দিন অর্থাৎ গত ২৪ নভেম্বর সকাল ৯টার দিকে এবিষয়ে  শ্রীফুলিয়ায় আবুলের দোকানে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে আসামী অনিক মুঠোফোনে আমাকে সহ আমার ভাই আলমকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে আসামীদ্বয় ওইদিন বিকেল ৫টার দিকেন৭/৮টি মোটর সাইকেল যোগে আমার বাড়ির সামনে আমার ছোট ভাই আলমকে গুলি করে হত্যা করে। 

এদিকে দিনমজুর আলমের লাশ মর্গে রয়েছে। তার ঘাড়ের উপর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে জানা যায়। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, নিহত আলম (৩৫) বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামের মৃত আফছার উদ্দিনের ছেলে। ৭ ভাই ১ বোনের মধ্যে সে ছোট। তার পরিবারে ৩টি সন্তান রয়েছে। 

কি কারণে এই হত্যাকান্ড জানতে চাইলে স্বজনরা বাংলাবজার প্রতিনিধিকে জানান, আলম দিনমজুর। সে গাছ কেটে জীবিকানির্বাহ করতো। দিন এনে দিন খেতো। কোনোদিন কারও সাথে ঝগড়াঝাঁটি করে নাই। সাধারণ একটা কথা কাটিতে এমন বড় ক্ষতি করলো তা চিন্তাই করতে পারছি না। এর আগেও তারা আলমকে হুমকি-ধমকি দিতো।

এদিকে নিহত পরিবারে বইছে শোকের মাতাম। নিহতের স্ত্রী বারবার মুর্চ্ছা যাচ্ছেন। ছোট ছোট সন্তানরা পিতাকে হারিয়ে বাকরোধ হয়ে পড়েছে। আলমের মৃত্যুে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এবিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কুহিনূর মিয়া জানান, নিহত আলম মিয়া পেশায় একজন দিনমজুর ছিলেন। ঘটনার সময় ৭/৮ টি মোটরসাইকেল ব্যবহৃত হয় এবং ঘটনার সময় ১৭/১৮ জন ছিলেন। কেন এই হত্যাকান্ড তা নিয়ে কাজ করছে পুলিশ। দ্রুত বের হয়ে আসবে হত্যার নেপথ্যে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে মাঠে কাজ করছে পুলিশ এবং নিহতের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানা তিনি।

উল্লেখ্য ২৪ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামে দিনমজুর আলম মিয়াকে (৩৫) লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এসময় ঘটনাস্থলেই নিহত হন দিনমজুর  আলম মিয়া।