২১ ঘণ্টার আলোচনায় সমঝোতা হয়নি: ভ্যান্স

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ন, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:২০ পূর্বাহ্ন, ১২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। এ তথ্য জানিয়েছে দ্য ডন।

‘ইসলামাবাদ টকস’ শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এ আলোচনা চলে। আলোচনা শেষে সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, “আমরা ২১ ঘণ্টা আলোচনা করেছি, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।”

আরও পড়ুন: ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের অবস্থান স্পষ্ট করেছে—কোন বিষয়ে সমঝোতা সম্ভব এবং কোন বিষয়ে নয়। তবে ইরানের প্রতিনিধিদল সেই শর্তগুলো মেনে নেয়নি।

সংবাদ সম্মেলনের শুরুতে ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির-এর প্রশংসা করে বলেন, তারা আন্তরিক আতিথেয়তা দেখিয়েছেন এবং আলোচনায় সহায়ক ভূমিকা রেখেছেন।

আরও পড়ুন: ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি

ইরান কোন প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছে—এ বিষয়ে বিস্তারিত বলতে না চাইলেও ভ্যান্স ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের মূল দাবি ছিল—ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি না করে এবং সেই সক্ষমতা অর্জনের চেষ্টাও না করে।

তিনি বলেন, “আমরা এখনো সেই প্রতিশ্রুতি দেখতে পাইনি, তবে ভবিষ্যতে তা দেখতে পাব বলে আশা করছি।”

বিশ্লেষকদের মতে, এই অচলাবস্থা ইঙ্গিত দিচ্ছে যে, ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক করতে আরও সময় ও কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন হবে।