প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে দেশবাসীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:২২ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করা এবং তাদের কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো প্রাণীর যত্ন নিতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা ও কষ্ট দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের জন্য ৭টি শ্রমবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার: মাহদী আমিন

তারেক রহমান বলেন, অনেক সময় আশপাশে দেখা যায়, মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে ও কষ্ট দেয়। এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি মানুষের দায়িত্বশীল আচরণ করা উচিত।

প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা পরিবারের শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ ধরনের মনোভাব গড়ে তুলতে পারলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির সহাবস্থানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

আরও পড়ুন: বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, কোনো প্রাণীর উপকার করতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সম্ভব হলে আশপাশের জীবজন্তুর যত্ন নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

শিশুদের মধ্যে প্রাণীকুলের প্রতি যত্ন ও মমত্ববোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবারের বিভিন্ন বয়সী শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই জীবজন্তুর প্রতি ভালোবাসা ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে। তাদের বোঝাতে হবে, চারপাশের প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে।

তারেক রহমান আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতার মানসিকতা তৈরি করা গেলে এমন একটি সুন্দর পরিবেশ ও বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদে বসবাস করতে পারবে এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থান নিশ্চিত হবে।

এর আগে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।