ইউক্রেনে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৪৮ পূর্বাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ-এ এক বন্দুকধারীর হামলায় অন্তত ছয়জন নিহত এবং আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন। শনিবার ঘটে যাওয়া এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো জানান, দক্ষিণ কিয়েভের হোলোসিভস্কি জেলা এলাকায় বসবাসকারী এক ব্যক্তি প্রথমে রাস্তায় নির্বিচারে গুলি চালায়। পরে সে নিকটবর্তী একটি সুপারমার্কেটে ঢুকে কয়েকজনকে জিম্মি করে ফেলে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নারী মারা যান। এছাড়া হামলাকারীর হাতে একজন জিম্মিও প্রাণ হারান।

পুলিশ জানায়, প্রায় ৪০ মিনিট ধরে হামলাকারীর সঙ্গে সমঝোতার চেষ্টা করা হয়। তবে তার আচরণ ছিল অস্বাভাবিক এবং কোনো দাবিও জানায়নি। ভেতরে আহতদের চিকিৎসার সুযোগ দিতে নানা প্রস্তাব দেওয়া হলেও সে তাতে সাড়া দেয়নি।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

এক পর্যায়ে হামলাকারী একজন জিম্মিকে হত্যা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে সুপারমার্কেটের ভেতরেই নিহত হয় ওই বন্দুকধারী।

এ হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। আহতদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।