ইরানের ৩ ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র, উত্তেজনা বাড়ছে

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:০৪ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর একদিনের মাথায় ইরানের পতাকাবাহী তিনটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড সেন্টকোম। জাহাজগুলোর নাম— ডিপ সি, সেভিন ও দোরেনা।

আন্তর্জাতিক শিপিং সংস্থা ও মার্কিন প্রতিরক্ষা সূত্রের বরাতে জানা গেছে, তিনটি জাহাজেই উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল বহন করা হচ্ছিল।

আরও পড়ুন: কড়া নিরাপত্তা ব্যবস্থায় পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ শুরু

কোথায় জব্দ, স্পষ্ট নয়

জাহাজগুলো ঠিক কোন স্থানে আটক করা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বাণিজ্যিক জাহাজ পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম মেরিন ট্র্যাফিক-এর তথ্য অনুযায়ী, ভারত মহাসাগরের একটি এলাকায় অভিযান চালানো হয়, যা ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার সামুদ্রিক অঞ্চলের কাছাকাছি।

আরও পড়ুন: ইরান যুদ্ধবিরতি: ট্রাম্প সময়সীমা বেঁধে দেননি: হোয়াইট হাউস

ট্যাংকারগুলোর অবস্থা

ডিপ সি: ইরানের একটি সুপারট্যাংকার; জব্দের সময় আংশিক তেলপূর্ণ ছিল। সর্বশেষ মালয়েশিয়ার উপকূলে দেখা গিয়েছিল।

সেভিন: জব্দের সময় প্রায় ১০ লাখ ব্যারেল তেল ছিল, যা এর মোট ধারণক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। এক মাস আগে মালয়েশিয়ার কাছাকাছি অবস্থান শনাক্ত হয়।

দোরেনা: সম্পূর্ণ তেলভর্তি অবস্থায় আটক করা হয়; এতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। সর্বশেষ ভারতীয় উপকূলসংলগ্ন এলাকায় দেখা যায়।

এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ ব্যর্থ হওয়ার পর ১২ এপ্রিল ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘোষণায় বলা হয়, শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দর থেকে কোনো জাহাজ বের হতে পারবে না এবং বাইরের জাহাজও প্রবেশ করতে পারবে না।

এক বিবৃতিতে সেন্টকোম জানায়, অবরোধ ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইরানি বন্দর থেকে ছেড়ে যাওয়া ২৯টি জাহাজ ও নৌযানকে ফের বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে মার্কিন বাহিনী।