হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৫৬

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০৪ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম বা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৫৬ জন। রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে, চট্টগ্রাম বিভাগে দুজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১২৩ জনের।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু

বুলেটিনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে এ পর্যন্ত নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৪০০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন।

আরও পড়ুন: হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৫

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যানে নিশ্চিত হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাব আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। তাই মোট মৃত্যুর সংখ্যা ও নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যাকে পৃথকভাবে বিবেচনা করা জরুরি।