ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ উদ্ধার

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ন, ০১ মে ২০২৬ | আপডেট: ৭:৪১ অপরাহ্ন, ০১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।

শুক্রবার (১ মে) ফ্লোরিডা পুলিশ বিভাগের পক্ষ থেকে বৃষ্টির ভাইকে ফোন করে মরদেহ শনাক্তের বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের

পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে কাজ শুরু করেছে।

নিহত নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: ইরানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ১৪ আইআরজিসি সদস্য নিহত

গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল টাম্পা এলাকার একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

পরে তদন্তে জানা যায়, লিমনকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতে হত্যা করা হয়েছে। একই এলাকার একটি সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

এরই ধারাবাহিকতায় একই এলাকায় আরও একটি দেহাবশেষ উদ্ধার করা হয়, যা পরবর্তীতে নাহিদা বৃষ্টির বলে শনাক্ত করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে সিসিটিভিতে শেষবার দেখা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে।

এদিকে জামিল আহমেদ লিমনের মরদেহ ২ মে ফ্লোরিডা থেকে বাংলাদেশে পাঠানো হবে। মরদেহটি দুবাই হয়ে আগামী ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।