ইসরায়েলের নির্বাচনে ৫৫ আসনে এগিয়ে নেতানিয়াহু

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:৫১ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে আংশিক ভোট গণনায় এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনো ছয় আসন পিছিয়ে রয়েছে জোটটি।

বুধবার (২৮ অক্টোবর) দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক ফলাফলের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ২৮ লাখ ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ।

আরও পড়ুন: উপকূলে ঘূর্ণিঝড় অর্ণবের আঘাত, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে

প্রাথমিক হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি ২০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে। গ্যাডি আইজেনকোটের ইয়াশার পার্টি ১৬ দশমিক ৭ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট পেয়েছে ৯ শতাংশ ভোট।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, আংশিক ভোট গণনায় নেতানিয়াহুর জোট ৫৫টি এবং বিরোধী জোট ৪৯টি আসন পেতে পারে। অন্যদিকে, আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর জন্য ১৬টি আসনের সম্ভাবনা দেখা যাচ্ছে।

আরও পড়ুন: কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য অন্তত ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। সে হিসাবে নেতানিয়াহুর জোট এগিয়ে থাকলেও এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা এখনো নিশ্চিত করতে পারেনি।

ভোট গণনার বিভিন্ন পর্যায়ে লিকুদ পার্টির প্রাপ্ত ভোটের হারেও পরিবর্তন দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে দলটির ভোটের হার ছিল ২৩ দশমিক ২৪ শতাংশ। পরে তা কমে ২১ দশমিক ৭ শতাংশ হয়। সর্বশেষ হিসাবে দলটির ভোটের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৭ শতাংশে।

অন্যদিকে, ভোট গণনা এগোনোর সঙ্গে সঙ্গে আইজেনকোটের ইয়াশার পার্টির ভোটের হার বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ভোট গণনা এখনো শেষ হয়নি। ফলে চূড়ান্ত ফল ঘোষণার আগে দলগুলোর ভোটের হার এবং সম্ভাব্য আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে। এখন দেখার বিষয়, বাকি ভোট গণনার পর নেতানিয়াহুর জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে কি না।