পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে বিজেপি। প্রাথমিক ফলাফল অনুযায়ী, ঘাসফুল ও পদ্ম শিবিরের মধ্যে অনেক স্থানে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাচ্ছে। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে রাজনৈতিক পারদ। আশা করা হচ্ছে, সোমবার (০৪ মে) দুপুরের মধ্যেই বাংলার মসনদে কে বসছেন, সেই ছবিটা অনেকটা স্পষ্ট হয়ে যাবে। খবর : আনন্দবাজার/দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ভোট গণনা চলছে। এর মধ্যে প্রায় ১৯২টি আসনে এগিয়ে আছে বিজেপি। আর তৃণমূল কংগ্রেস ১০২টি আসনে এগিয়ে। দুই দলের মধ্যে আসনের ব্যবধান প্রায় ৯০।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, সরকার গঠনের সম্ভাবনা
এমন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খেলা শেষ’ লেখা বার্তা দিয়েছে বিজেপি।
২০২১ সালের নির্বাচনের আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ‘খেলা হবে’ স্লোগান দিয়েছিলেন। যা পরবর্তীতে ব্যাপক ভাইরাল হয়। এরপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এ স্লোগান একাধিকবার ব্যবহার করেছেন। তাদের সেই স্লোগানের জবাবে সোমবার বিজেপি ‘খেলা শেষ’ বলে একটি বার্তা (বিজয়ের) দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: আটলান্টিকে প্রমোদতরীতে হান্টাভাইরাস আতঙ্ক, ৩ জনের মৃত্যু
টানা ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে হাতিয়ার করেছে বিজেপি। বিশেষ করে আরজি করের ঘটনা এবং কসবা ল কলেজের মতো নারী নির্যাতন সংক্রান্ত ঘটনাগুলো শাসক দলের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে।
নির্বাচনে পিছিয়ে পড়ার পর কর্মী সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জি।
তিনি বলেছেন, ‘দয়া করে কোনও (তৃণমূল) প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি গতকাল থেকে বলছি, ওদেরগুলো (এগিয়ে থাকা আসন) আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় গণনা বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে এমন সাতটি মেশিন ধরা পড়েছে, যেখানে কোনও মিলই নেই।’
মমতা আরও বলেন, ‘কেন্দ্র জোর করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূলের উপর অত্যাচার করছে। অফিস ভাঙছে। জোর করে দখল করছে। এসআইআরের নামে ভোট লুট করেছে।’
দলীয় নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘মনখারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড মাত্র গণনা হলো। ১৮ থেকে ১৯ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ (দেখুন এবং অপেক্ষা করুন)। আপনারা সকলে জিতবেন। আমরা আপনাদের সঙ্গে রয়েছি।’
‘নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’ যোগ করেন মমতা।





