মহারাষ্ট্রে ঝড়-বৃষ্টিতে মন্দিরের দেওয়াল ধস, নিহত ৬
ভারতের মহারাষ্ট্রে–এর সাঙ্গলি জেলায় ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যে একটি মন্দিরের দেওয়াল ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
আরও পড়ুন: মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার করল যুক্তরাষ্ট্র
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি মঙ্গলবার মন্দিরটিতে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। ঘটনার সময় প্রায় ৩৫০ জন দর্শনার্থী মন্দির প্রাঙ্গণে অবস্থান করছিলেন।
সাঙ্গলি জেলার পুলিশ সুপার তুষার দোশি জানান, সন্ধ্যার দিকে আকস্মিক ঝড় ও প্রবল বৃষ্টি শুরু হলে অনেকে মন্দিরের সীমানা প্রাচীরসংলগ্ন টিনশেডের নিচে আশ্রয় নেন। একপর্যায়ে দেওয়ালের একটি অংশ এবং টিনশেড একসঙ্গে ধসে পড়ে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর উদ্ধার অভিযান চালায় স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা কর্মীরা।





