মিনায় সমবেত লাখো মুসল্লি, শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ন, ২৫ মে ২০২৬ | আপডেট: ১০:৩৬ অপরাহ্ন, ২৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হজ উপলক্ষে সৌদি আরবে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। সোমবার ভোর থেকেই ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পবিত্র মক্কার পরিবেশ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি মিনায় সমবেত হতে শুরু করেছেন।

হজের আনুষ্ঠানিকতা অনুযায়ী, সোমবার দিনভর ও রাত মিনায় ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে কাটাবেন হাজিরা। এরপর মঙ্গলবার (৯ জিলহজ) হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন পালনের জন্য তারা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন। ইসলামী শরিয়তে এটি ‘অকুফে আরাফা’ নামে পরিচিত।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

আগামী বুধবার পশু কোরবানির মধ্য দিয়ে হজের প্রধান আনুষ্ঠানিকতা শেষ হবে। একই দিন শুরু হবে ঈদুল আজহা উদযাপন। পরে হাজিরা কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে ধাপে ধাপে নিজ নিজ দেশে ফিরতে শুরু করবেন।

এদিকে মিনাসহ আরাফাতের বিস্তীর্ণ এলাকায় তীব্র তাপদাহ বিরাজ করছে। সৌদি আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার আরাফার দিনে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

প্রচণ্ড গরমে হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। পবিত্র স্থানগুলোতে বাড়তি ছাউনি নির্মাণ, মিস্ট ফ্যান স্থাপন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি চিকিৎসাসেবা নিশ্চিতে মেডিকেল টিম ও ভ্রাম্যমাণ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ হাজিদের অতিরিক্ত গরম থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ছাতা ব্যবহার এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছে।