পবিত্র কাবার ঠিক ওপরে সূর্য, বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী মক্কা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ন, ২৮ মে ২০২৬ | আপডেট: ৫:২৫ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এক বিরল ও দৃষ্টিনন্দন মহাজাগতিক ঘটনার সাক্ষী হয়েছে সৌদি আরবের পবিত্র মক্কা নগরী। মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় দুপুর ১২টা ১৮ মিনিটে সূর্য অবস্থান নেয় পবিত্র কাবার ঠিক মাথার ওপরে।

জ্যোতির্বিজ্ঞানের এই বিশেষ ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ সময় সূর্যের অবস্থান ব্যবহার করে পৃথিবীর যেকোনো স্থান থেকে কিবলার সঠিক দিক নির্ধারণ করা সম্ভব হয়।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালক প্রকৌশলী মাজেদ আবু জাহরা জানান, এই মুহূর্তে সূর্য কাবার সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছায় এবং এর কৌণিক পরিমাপ ছিল ৮৯ দশমিক ৯৪ ডিগ্রি। অর্থাৎ সূর্য পূর্ণ লম্ব অবস্থান থেকে মাত্র ০ দশমিক ০৬ ডিগ্রি দূরে ছিল।

এর ফলে মক্কায় খাড়াভাবে থাকা যেকোনো বস্তুর ছায়া প্রায় অদৃশ্য হয়ে যায়। এই ছায়াহীন অবস্থাকে কাজে লাগিয়ে সূর্যের দিক ও ছায়ার কোণ পরিমাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সহজেই কিবলার সঠিক দিক নির্ণয় করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

বিশেষজ্ঞদের মতে, সূর্যের আপাত বার্ষিক গতির কারণে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলে প্রতিবছর দুইবার এ ধরনের ঘটনা ঘটে থাকে।

আধুনিক জ্যোতির্বিজ্ঞানের যুগে এ ঘটনার বৈজ্ঞানিক ও শিক্ষাগত গুরুত্ব অনেক বেশি। তবে ইতিহাস ঘেঁটে দেখা যায়, বহু আগে থেকেই বিশ্বের বিভিন্ন দেশে মসজিদের কিবলার দিক নির্ধারণ বা সংশোধনের কাজে এই বিশেষ সময় ব্যবহার করে আসছেন গবেষক ও জ্যোতির্বিদরা।