গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলা, নিহত অন্তত ৫

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ন, ০৬ জুন ২০২৬ | আপডেট: ৯:২৭ অপরাহ্ন, ০৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি তাঁবুকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার পরপরই ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরাইল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

আল জাজিরার গাজাভিত্তিক প্রতিবেদক হানি মাহমুদ জানিয়েছেন, হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে হামলার সুনির্দিষ্ট স্থান ও সময় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

স্থানীয় স্বাস্থ্যসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান ৬০ দিনের সমঝোতা: ফাঁস হওয়া ১২ শর্তে কী আছে?

গাজার আল-শিফা হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে হামলার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গাজায় চলমান সংঘাতের মধ্যে বেসামরিক মানুষের ওপর হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বারবার বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আসছে।