মধ্যপ্রাচ্যের সংকট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে, সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ন, ১১ জুন ২০২৬ | আপডেট: ২:৪০ অপরাহ্ন, ১১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা আরও গভীর সংকটের দিকে এগোচ্ছে এবং এর প্রভাব শুধু আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। খবর আলজাজিরার।

আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা

গুতেরেস বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং এর সম্ভাব্য পরিণতি অঞ্চলটির সীমানা অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব ফেলতে পারে।

তিনি উল্লেখ করেন, চলতি সপ্তাহে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হয়েছে এবং বিভিন্ন এলাকায় উত্তেজনা বেড়েছে। তার ভাষায়, যেখানে কার্যকর যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, সেখানে পরিস্থিতি এখন অনেক ক্ষেত্রে সীমিত মাত্রার সংঘাতে রূপ নিয়েছে।

আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। সীমিত সংঘাত যে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে না, এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।

সংকট নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংঘাত নয়, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে।

গুতেরেস আরও বলেন, “আর কোনো হামলা নয়, আর কোনো অজুহাত নয়। এখন সময় কূটনৈতিক সমাধানের জন্য একযোগে কাজ করার।”

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাত নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বানও জানান জাতিসংঘ মহাসচিব।