পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ৭:৪৭ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা বা সামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র হামলা চালালে এর কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির দাবি, এমন পরিস্থিতি তৈরি হলে মধ্যপ্রাচ্যজুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়।

আরও পড়ুন: ট্রাম্পের ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গ, সমালোচনায় মুসলিম অধিকার সংগঠন

সংস্থাটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাগারি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অভ্যন্তরে কোনো ধরনের সামরিক হামলা চালায়, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দেবে। তার ভাষায়, পাল্টা প্রতিক্রিয়ার লক্ষ্য হবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো, যার পরিণতি হবে ভয়াবহ।

তিনি আরও বলেন, ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। দেশটির প্রতিরক্ষা সক্ষমতা যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন: পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক

হরমুজ প্রণালির প্রসঙ্গ টেনে জোলফাগারি বলেন, এই কৌশলগত জলপথে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেবে না তেহরান। তার দাবি, হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয় এবং এ বিষয়ে বিদেশি শক্তির উপস্থিতি গ্রহণযোগ্য নয়।

তবে ইরানের এসব বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।