সাচিং প্রু জেরী
পার্বত্য অঞ্চলে কফি ও কাজু বাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাঙ্গামাটি সফরে এসেছেন মন্ত্রী সাচিং প্রু জেরী। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ২০২৬ সালের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে রাঙ্গামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুরে ক্ষতি ২১ কোটি টাকা, মামলায় আসামি ৮০২৬ জন
রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু জেরী বলেছেন, পার্বত্য অঞ্চলে কফি ও কাজু বাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি।
আরও পড়ুন: পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পাহাড়ের অর্থনৈতিক উন্নয়নে কফি, কাজুবাদাম, লটকনসহ সম্ভাবনাময় কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, এসব কৃষিপণ্যের আধুনিক চাষাবাদ, উন্নত জাতের ব্যবহার এবং বাজারজাতকরণে কৃষকদের সহযোগিতা করতে হবে। এ ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ পানি। পাহাড়ের নদী, ছড়া, ঝিরি ও পানির উৎসগুলো সংরক্ষণে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে। ঝিরির দুই পাশে সংরক্ষিত এলাকা নির্ধারণ, বৃক্ষরোপণ এবং পানির উৎস রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি কাপ্তাই লেকের পরিবেশ সংরক্ষণ ও পর্যটন বিকাশে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
এছাড়া তিন পার্বত্য জেলার মধ্যে পর্যটন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, স্থানীয় জাতিসত্তা গুলোর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, শিক্ষা ও খেলাধুলার প্রসার এবং প্রত্যন্ত অঞ্চলে সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুতারোপ করেন মন্ত্রী। সব জাতিসত্তার নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও স্বকীয়তার প্রতি সম্মান রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।
তিনি পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে সংসদ সদস্য, জেলা পরিষদ, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে অন্যতম বড় চ্যালেঞ্জ জনবল সংকট ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব। বিশেষ করে স্বাস্থ্য, কৃষি ও শিক্ষা খাতে পর্যাপ্ত জনবল এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, জেলা পরিষদের অধীন বিভিন্ন দপ্তরের কার্যক্রমে সমন্বয়ের অভাব দূর করতে হবে। একই সড়কে একাধিক সংস্থার সমন্বয়হীন কাজের কারণে যেন সরকারি অর্থের অপচয় না হয়, সেদিকে নজর দিতে হবে। পাশাপাশি পার্বত্য অঞ্চলে কর্মরত সরকারি কর্মকর্তাদের পাহাড়ি ভাতা বৃদ্ধি এবং দুর্গম এলাকায় দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দীপেন দেওয়ান বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জেলা পরিষদ, সংসদ সদস্য ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় থাকলে জনগণের কাছে সরকারি সেবা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তানতরিত বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





