লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৬০ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে নিখোঁজ ৫০
ভূমধ্যসাগরে ইউরোপগামী আরেকটি অভিবাসনপ্রত্যাশী নৌকা দুর্ঘটনার শিকার হয়েছে। লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে নৌকাটি ডুবে যাওয়ার পর এতে থাকা ৬০ যাত্রীর মধ্যে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন।
পূর্ব লিবিয়ার কোস্ট গার্ড জানিয়েছে, মঙ্গলবার (১৪ জুলাই) রাতে তোব্রুক শহরের উপকূল থেকে ইতালির উদ্দেশে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা যাত্রা শুরু করে। তবে উপকূল ছাড়ার কিছুক্ষণের মধ্যেই নৌকাটি ডুবে যায়।
আরও পড়ুন: শেষ ১৮তম ব্রিকস সম্মেলন, সন্ত্রাসবাদ ও একতরফা সংঘাতের নিন্দা
দুর্ঘটনার পর যাত্রীদের বেশিরভাগই উত্তাল সাগরের পানিতে তলিয়ে যান বা স্রোতে ভেসে যান। কেবল ১০ জন যাত্রী সাঁতরে নিকটবর্তী বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। পরে কোস্ট গার্ড তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় সাম্প্রতিক সময়ে এটি আরেকটি বড় দুর্ঘটনা। এর আগে গত মাসেও লিবিয়ার উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৫১ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছিলেন।
আরও পড়ুন: পোল্যান্ড সীমান্তের কাছে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
দীর্ঘদিন ধরেই লিবিয়ার উপকূল আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের জন্য ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে অনিরাপদ নৌযান, মানবপাচার চক্রের তৎপরতা এবং বৈরী আবহাওয়ার কারণে এই পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত শুধু লিবিয়ার উপকূলেই ৮০০-র বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। তাদের অধিকাংশই উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।





