ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:১৫ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। সম্ভাব্য বৃহত্তর সংঘাতের আশঙ্কায় অঞ্চলজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত এলাকা ত্যাগের প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো এ বিষয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে।

আরও পড়ুন: চুক্তির আশায় ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

প্রতিবেদন অনুযায়ী, বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন দূতাবাসগুলো অনলাইনে প্রকাশিত বার্তায় নাগরিকদের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।

তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর’ পদক্ষেপ নেওয়া হবে বলে সম্প্রতি হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে কঠোর আঘাত হানবে এবং ইরানের ওপর তার আস্থা কমে গেছে, কারণ দেশটি প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং বিভ্রান্তিকর তথ্য দেয়।

আরও পড়ুন: যেকোনো সময় ইরানে বড় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

এ পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কনস্যুলার অ্যাফেয়ার্স নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণ-সংক্রান্ত জটিলতার বিষয়ে আগে থেকেই প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।

এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সব সময় পরিস্থিতির ওপর নজর রাখতে হবে এবং প্রয়োজন হলে দ্রুত অঞ্চল ত্যাগের পরিকল্পনা প্রস্তুত রাখতে হবে। একই সঙ্গে বিমানবন্দর ও বিমান সংস্থাগুলোর সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের স্বাভাবিক ফ্লাইট সূচি পুনরায় চালুর পরিকল্পনা স্থগিত করেছে। কিছু প্রতিষ্ঠান আবার নির্দিষ্ট রুটে ফ্লাইট বাতিল করেছে। ফলে ভ্রমণকারীদের বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, জর্ডানে থাকা মার্কিন নাগরিকদের সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হওয়া সামরিক স্থাপনাগুলোর আশপাশ এড়িয়ে চলতে বলা হয়েছে। অন্যদিকে, ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রের অবস্থান সম্পর্কে আগে থেকেই জেনে রাখার পরামর্শ দিয়েছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস।